চুল বাঁধা দেখতে দেখতে...

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই, বিশেষ করে ইনস্টাগ্রামে এমন কিছু ছবি সামনে আসছে, যেখানে মহিলাদের অদ্ভুত এক হেয়ার স্টাইল দেখা যাচ্ছে। অদ্ভুত হলেও তাদের মধ্যে একটি ‘কমন’ বিষয় রয়েছে, সেগুলো দেখতে অনেকটা ক্রিসমাস ট্রি-এর মতো। কী ভাবে এই সব হেয়ার স্টাইল তৈরি হচ্ছে তারও ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাথার উপর একটি লম্বা বোতলের মতো কিছু দাঁড় করিয়ে তার চারদিকে চুল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তারপর সেটিকে নানাভাবে সাজানো হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে তাতে রিবন ছাড়াও কেউ কেউ আবার ছোটো ছোটো এলইডি বাতির বৈদ্যুতিক তারও ব্যবহার করেছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় এখন ‘ক্রিসমাস ট্রি হেয়ার’-এর হ্যাসট্যাগ চলছে। বড়দিন যত সামনে আসছিল, ততই এর ক্রেজ বাড়ছিল। আর তাতেই সামিল হন তরুণী থেকে বৃদ্ধারাও। বড়দিনের মতো বড় কোনো উপলক্ষ এলে সবাই চান নিজেকে একটু অন্যরকম দেখাতে। এই ‘চুল চর্চা’ ছিল সম্ভবত তারই অংশ।