ঐক্যফ্রন্ট ভোট বানচালের চেষ্টা করছে :ইনু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:৫১

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের চেষ্টা করছে। আর ড. কামাল হোসেন বিএনপি-জামায়াতকে রাজনীতিতে পুনর্বাসন করতে কাজ করছেন। একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ইশতেহার ঘোষণাকালে তিনি একথা বলেন।

দলের ইশতেহার তুলে ধরে হাসানুল হক ইনু বলেন, জাসদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হলে বর্তমান এক কক্ষবিশিষ্ট সংসদের বদলে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী-নারী-ক্ষুদ্র জাতিসত্তা-আদিবাসী-স্থানীয় সরকারের প্রতিনিধি নিয়ে সংসদে উচ্চ কক্ষ গঠন করে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালুতে ভূমিকা রাখবেন। পাশাপাশি বর্তমান সংসদ গঠনের জন্য অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের বদলে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে ভূমিকা রাখবেন।

ইনু বলেন, জাসদ ডিজিটাল নিরাপত্তা আইনকে সমর্থন করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকবে অথচ একটি শক্তিশালী আইন থাকবে না এটাতো কাম্য হতে পারে না। তাছাড়া এর বিরুদ্ধে তো গণমাধ্যমের সম্পাদকরা কেউ বলেননি। তবে সেখানে যদি কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে তাহলে সেটি সংশোধন হতে পারে।

জাসদ সভাপতি আরও বলেন, জাসদ ১৪ দল ও মহাজোটের শরিক হিসেবে ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই ধারাবাহিকতায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, জাসদ মনোনীত প্রার্থীরা ৩টি নির্বাচনী এলাকায় ১৪ দল ও মহাজোটের অভিন্ন প্রার্থী হিসেবে ‘নৌকা’ প্রতীক নিয়ে এবং জোট নেত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়েই ৪টি আসনে ‘মশাল’ প্রতীক ও ১টি আসনে ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি  আসনে ১৪ দল ও মহাজোট মনোনীত অভিন্ন প্রার্থীদের পক্ষে জাসদ সক্রিয় সমর্থন দিচ্ছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, ড. আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, নাদের চৌধুরী, নুরুল আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।