স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না। বিএনপি অভিযোগ করে তাদের নির্বাচনী প্রচারণাসহ পোস্টার লাগাতে দেয়া হয় না। আসলে তারাই পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেজগাঁওয়ের (ট্রাক স্ট্যান্ড রোড) এই জায়গাতে সন্ধ্যায় মানুষ চলতে পারত না। মাস্তান-সন্ত্রাসীদের আড্ডার জায়গা ছিল এটা। কিন্তু এখন সেখানে রাত ২টার পরেও মেয়েরা চলাফেরা করতে পারে।
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনী এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ মুকবুল আহমদ। বক্তব্য রাখেন ২৪ নম্বর ওয়ার্ডের কমিশনার শফিউল্লাহ শফি, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান ও সহ-সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, বাংলাদেশ ট্রাক ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক তালুকদার মো. মনির প্রমুখ।
