রাজধানীর কাফরুলে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ময়েজ উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গতকাল বুধবার রাত ৮টার দিকে ওই হামলা চালায়। তারা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাংচুর করে।
ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নূর মুহাম্মদ নুরু জানান, দলীয় কার্যালয়ের পাশের মসজিদে তিনি ও অন্য নেতাকর্মীরা নামাজ পড়ছিলেন। এর মধ্যে হঠাত্ বিস্ফোরণের শব্দ পান। নামাজ শেষ করে তারা দ্রুত বের হয়ে দেখেন, স্থানীয়রা কিছু লোককে ধাওয়া করছে। পরে ব্যারিকেড দিয়ে হামলাকারীদের চারজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাস্থলে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
