ক্রীড়াঙ্গন
g দেবব্রত মুখোপাধ্যায়
ক্রিকেট ও ফুটবলে অনেক কিছুই ঘটেছে বছর জুড়ে। তবে আলাদা দুটো নাম বেছে নিতে বললে ক্রিকেট থেকে সাকিব আল হাসান ও ফুটবল থেকে লিওনেল মেসিকে বেছে নিতে হবে। সাফল্যে, নেতৃত্বে, বিতর্কে সাকিব আল হাসান ছিলেন বছরের অন্যতম আলোচিত চরিত্র। আর মেসি ছিলেন এই বছর নিজের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার নায়ক।
ক্রিকেট দিয়ে শুরু করা যাক। বছরটা সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে ইংল্যান্ডের জন্য। ঘরের মাটিতে বিশ্বকাপ জিতেছে তারা নাটকীয়ভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল টাই হয়েছিল; এরপর সুপার ওভারও টাই হয়। পরে বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। এর পাশাপাশি ঘরের মাটিতে অ্যাশেজ ড্র করে তারা।
অ্যাশেজে অতিমানবীয় পারফরম্যান্স করেন বেন স্টোকস। হেডিংলিতে অপরাজিত এক ১৩৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে এনে দেন ১ উইকেটের নাটকীয় এক জয়। এছাড়া এই বছর ব্যাটিংয়ের শ্রেষ্ঠত্ব নিয়ে রীতিমতো লড়াই করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং নিষেধাজ্ঞা থেকে ফেরা স্টিভেন স্মিথ।
তবে সবাইকে ছাপিয়ে গেছেন সাকিব। বিশ্বকাপে শুরু করেছিলেন কিছু বিতর্ক মাথায় নিয়ে। কিন্তু আসরটাকে একেবারে নিজের করে নিয়েছেন। ব্যাট হাতে ছয় শতাধিক রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ১১ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে এমন অলরাউন্ড পারফরম্যান্সের নজির আর নেই।
এরপর সাকিব নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারদের আন্দোলনে। যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ক্রিকেটারদের ধর্মঘটের অবসান হয়। বিসিবি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অচলাবস্থার নিরসন হয়। প্রতিশ্রুতি অনুযায়ী কয়েক দিনের মধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেটে ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দেয় বিসিবি।
পরপরই আবার আইসিসির কাছ থেকে পেয়েছেন নিষেধাজ্ঞা। বাজিকরের সঙ্গে তিন বার কথোপকথনের খবর আকসুর কাছে গোপন রেখে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
ক্রিকেটে বাংলাদেশের জন্য প্রাপ্তি ও হতাশার একটা বছর গেছে। এই বছরে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথম বহুজাতিক টুর্নামেন্ট জিতেছে, এই বছরে ভারতকে ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে হারিয়েছে। আবার এই বছরে টেস্টে পরাজয়ের পর পরাজয় দেখেছে দলটি। ৫টি ম্যাচের ৪টিই হেরেছে বাংলাদেশ ইনিংস ব্যবধানে।
এ বছর ঘরোয়া ক্রিকেটে বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড শিরোপা জিতেছে খুলনা। ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।
ফুটবলে বাংলাদেশ দল ভারতে গিয়ে ভারতকে আটকে দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। এগিয়েও ছিল এই ম্যাচে। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের পরের ফলাফল ভালো নয়।
ফুটবলে এবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে লিভারপুল। নাটকীয়তায় ভরা চ্যাম্পিয়নস লিগে একটার পর একটা প্রত্যাবর্তনের ঘটনা ঘটেছে। এই বছরে এমিলিয়ানো সালার মতো উঠতি প্রতিভা মারা গেছেন বিমান দুর্ঘটনায়। তবে বছরটা নিজের করে রেখেছেন মেসি।
গত বছর ব্যালন ডি’অরে ছিলেন ৫ নম্বরে। দীর্ঘকালের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন। এ বছর আবার প্রবল প্রতাপে ফিরে এসেছেন হয়েছেন ব্যালন ডি’অরের সেরা। এই বছরে কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল। দীর্ঘদিন পর এই আঞ্চলিক ট্রফিটা জিতলো তারা। অন্য দিকে উয়েফা ন্যাশন্স লিগ জিতে আরেকটি শিরোপা নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
