তীব্র শীতেও নদী থেকে পাথর তুলছেন পঞ্চগড়ের শ্রমিকরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

দিনাজপুর অফিস

তীব্র শীতেও জীবিকার তাগিদে নদী থেকে পাথর উত্তোলন করছে পঞ্চগড়ের পাথর শ্রমিকরা। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীতে দেখা গেছে শীত উপেক্ষা করে নদী থেকে নুড়ি পাথর তুলছেন ১০-১৫ জন। ৪৫ বছর বয়সী ময়নুল বলেন, ঠান্ডায় হাত-পা জড়ো হয়ে আসে। চোখ-নাক দিয়ে পানি ঝরে। তবু উপায় নাই। কাজ না করলে তো ভাত নাই। সারা বছর নুড়ি পাথর তুলে খাই। এখন নতুন করে অন্য কাজ কই পাব ? এজন্যই নদীতে নামতে হয়।

শ্রমিক শাহিনুর ইসলাম বলেন, বছরের অন্য সময় সারাদিন যতটুকু পাথর তুলতে পারেন তা বেচে ৫০০ টাকার বেশি আয় করতে পারেন। এখন দুই থেকে তিন ঘণ্টার বেশি পানিতে থাকা যায় না। তাই দিনে মাত্র ১৫০ থেকে ২০০ টাকা আয় হচ্ছে। সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। এছাড়া এভাবে পানিতে থাকলে অসুখ-বিসুখও হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটা ছিল ৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, আকাশ মেঘমুক্ত হওয়ায় উত্তর-পশ্চিম থেকে আসা হিমেল হাওয়ায় তাপমাত্রা কমে যায়। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর হাসপাতালের চিকিত্সক সিরাজদ্দৌলা পলিন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ১৩ শিশুকে ভর্তি করা হয়েছে।