শব্দদূষণের মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। যানবাহনের বেপরোয়া হর্ন, বিভিন্ন অনুষ্ঠানের পটকাবাজি, ভ্রাম্যমাণ বিক্রেতাদের মাত্রাতিরিক্ত হাঁকডাক, রাস্তার ধারে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রাংশ বিক্রেতার চ্যাঁচামেচি নগরজীবনকে দুর্বিষহ করে তুলছে। গাড়ি ছাড়াও মোটরসাইকেলের উচ্চশব্দের হর্ন শব্দদূষণ করছে। গাড়ির হর্নের সঙ্গে জরুরি যানবাহন যেমন মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য নির্ধারিত পুলিশ পিকআপের সাইরেন মিলে যায়, যার ফলে ট্রাফিক পুলিশ কাকে রেখে কাকে সাইড করে দেবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে। সাধারণ মানুষও এই প্রতারণার শিকার হতে হতে অতিষ্ট হয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ির হর্নের শব্দ শুনলেও সাইড করে দিতে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই অসহনীয় শব্দদূষণ হ্রাসে কোন গাড়ি কোন হর্ন বাজাবে তার সুস্পষ্ট নীতিমালা করে দেওয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ?
মাসুম বিল্লাহ
লোকপ্রশাসন বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
