প্রাথমিক ও ইবতেদায়ীর সকল সূচকেও এগিয়ে মেয়েরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৬

প্রকাশ করা হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল। এই ফল অনুসারে যেখানে ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৩৭ শতাংশ, সেখানে ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৬১ শতাংশ। জেএসসি ও জেডিসি পরীক্ষার সকল সূচকের পাশাপাশি প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।

জানা যায়, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ২৪ হাজার ২২৫ জন ছাত্র এবং ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন ছাত্রী। তাদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী পাস করেছেন।

মোট জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন, যার মধ্যে ১ লাখ ৪১ হাজার ৪৫১ জন ছাত্র এবং ১ লাখ ৮৪ হাজার ৬৩৭ জন ছাত্রী। 

এদিকে এ বছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩ লাখ ৪ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন ছাত্র এবং ১ লাখ ৪৬ হাজার ২৪২ জন ছাত্রী। তাদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন ছাত্র এবং ১ লাখ ৪১ হাজার ৪০ জন ছাত্রী পাস করেছেন।

মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন, যার মধ্যে ৫ হাজার ৬৮৫ জন ছাত্র এবং ৬ হাজার ১৯২ জন ছাত্রী। তাই বলাই যায়, প্রাথমিক ও ইবতেদায়ীতে সব সূচকে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি, জেএসসি, জেডিসি ও প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ইত্তেফাক/জেডএইচডি