‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ ও ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ স্লোগানে কর অঞ্চল-কুমিল্লার আয়োজনে নগরীর একটি হোটেলে গতকাল সোমবার ছয় জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। কর অঞ্চল-কুমিল্লার কর কমিশনার আবু মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-কুমিল্লার কমিশনার মো. মাহবুবুজ্জামান। অনুষ্ঠানে কর অঞ্চল-কুমিল্লার অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা মহানগরীর সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি মোট ৪৯ জন করদাতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। কুমিল্লার সহকারী কর কমিশনার-সদর দপ্তর (প্রশাসন) মো. আমিনুল ইসলাম জানান, ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা কর ভবনে ৪ দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এতে ইটিআইএন রেজিস্ট্রেশন, ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর জমা দেওয়ার সুযোগসহ প্রবীণ ও মহিলা করদাতাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা রাখা হয়েছে।
