মুমতাহিনা চৌধুরী টয়া যে কটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন, সবগুলোই বেশ সাড়া ফেলেছে। বিশেষত মমতাজের ‘লোকাল বাস’ এবং প্রতীক প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ গান দুটি দর্শকপ্রিয়তা পায়। এখনো এই গানের জনপ্রিয়তার জোয়ারে ভাসছেন টয়া। তবে মিউজিক ভিডিওতে তার বেশ চাহিদা থাকার পরও গান, গানের জন্য মিউজিক ভিডিও নির্মাণের গল্প, নির্মাতা এবং সর্বোপরি পারিশ্রমিকে বনিবনা না হলে টয়া কাজ করেন না। যে কারণে চলতি বছর মিউজিক ভিডিওতে তার কাজ করা হয়ে উঠছিল না। তবে বছরের একেবারে শেষপ্রান্তে শেষ মাসে এসে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলেন। সংগীতশিল্পী হাসান মুনের প্রথম গান ‘হারিয়ে যেয়ো না তুমি’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এবারই প্রথম টয়া প্রীতি দত্তের নির্দেশনায় মিউজিক ভিডিওতে কাজ করলেন। তবে এর আগে প্রীতির নির্দেশনায় একটি অনলাইন বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। ‘হারিয়ে যেয়ো না তুমি’ গানটি লিখেছেন ও সুর করেছেন মৌসুম আহমেদ, সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটিতে মডেল হওয়া প্রসঙ্গে টয়া বলেন, ‘গানটি আমার দারুণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটির গল্পটাও আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। আর প্রীতি দিদির নির্দেশনায় এর আগেও কাজ করেছি। যে কারণে তার কাজের প্রতি আমার আস্থা আছে। মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বজিত্ দা এই ক্ষেত্রে অনন্য। কারণ মিউজিক ভিডিওতে গল্পের যে আবেগ, অনুভূতিটা তুলে ধরা জরুরি, দাদা সেটা পেরেছেন। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। আমি এই গানটির ব্যাপারে খুবই আশাবাদী।’ টয়া জানান, নতুন মিউজিক ভিডিওটি চলতি বছরের শুরুতেই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
