সৈয়দপুরে ৫ দিনব্যাপী নাট্যোত্সব

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:১৩

‘শুদ্ধ চেতনায় শাণিত হোক নাট্যাঙ্গন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে থিয়েটার সৈয়দপুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনব্যাপী নাট্যোত্সবের আয়োজন করা হয় নীলফামারীর সৈয়দপুরে। উত্সব প্রচারণায় গত ১৯ ডিসেম্বর  দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করেন টেলিভিশন ব্যক্তিত্ব ও বিনোদন পাক্ষিক আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। আনন্দ শোভাযাত্রাটি মর্তুজা ইনস্টিটিউট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নাট্যকর্মী, শিক্ষার্থী ও সুধীজনরা শোভাযাত্রায় অংশ নেন।

গত ২০ ডিসেম্বর স্থানীয় মর্তুজা মিলনায়তনে নাট্য উত্সবের উদ্বোধন করা হয়। উত্সব উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল। মামুনুর রশীদ বলেন, ‘নাটকই অন্ধকার ঘোঁচাবে। পরিবর্তনের জন্য নাট্য আন্দোলন চলমান থাক।’

তিনি সকালে একই মঞ্চে নাট্য কর্মশালারও উদ্বোধন করেন। এছাড়াও একই দিন অনুষ্ঠিত হয় সেমিনার ও নাট্যজন সংবর্ধনা। থিয়েটার সৈয়দপুরের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিনোদন পাক্ষিক আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, নাট্যজন ঠান্ডু রায়হান, জহিরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিবসে উত্পল দত্ত রচিত ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি মঞ্চায়ন করে ঢাকার এথিক থিয়েটার। নাটকটির নির্দেশনায় ছিলেন অপু শহীদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরের সাংস্কৃতিক অঙ্গন, তথা মঞ্চনাটকের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন তমিজুর রহমান তোফায়েল, শোয়া-এব হোসেন (মরণোত্তর), আনোয়ার হোসেন বাঙালি, শাহানা বানু নীরা ও স্বপন কুমার গুহ।

৫ দিনব্যাপী নাট্যোত্সবে হিলি থিয়েটার মঞ্চস্থ করে মো. মাজেদুল ইসলাম রচিত ও নির্দেশিত ‘ছোবল’, থিয়েটার সৈয়দপুর পরিবেশন করে অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ রচিত ও আথতারুল ইসলাম মৃধার নির্দেশনায় ‘একটি ফুলকে বাঁচাবো বলে’, পার্বতীপুরের প্রগতি সংঘ বজলার রহমান রচিত ও দীপঙ্কর সাহার নির্দেশনায় ‘ক্ষুদিরাম কথা’ ও নীলফামারীর ডোমার সাহিত্য সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতা অবলম্বনে নাটক ‘বুদ্ধির ঢেঁকি’ মঞ্চস্থ করে। এটির নাট্যকার ছিলেন হাসান শাহরিয়ার ও নির্দেশনায় ছিলেন বাসুদেব রায় বাসু। নাট্যোত্সব উপলক্ষে প্রতিদিন নাট্য কর্মশালা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিদিন সন্ধ্যায় হাঁড় কাঁপানো শীত উপেক্ষা করে দর্শনার্থীরা নাটক দেখতে আসেন। নাট্য উত্সব কমিটির আহ্বায়ক মীর সরওয়ার আলী মুকুল বলেন, ‘নাটককে কেন্দ্র করে সাজানো হয় মিলনায়তনসহ সারা শহর। নাটকে এতটা সাড়া পাবো তা ভাবিনি।’ নাট্য উত্সবে আরো উপস্থিত ছিলেন থিয়েটার সৈয়দপুরের সাধারণ সম্পাদক হীরা শর্মা, নাট্য উত্সব কমিটির সদস্য সচিব খলিলুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন প্রমুখ।