নদীর পাড়ে দাঁড়িয়ে ভাবি
হতাম যদি নদী
মনের সুখে অনেক দূরে
যেতাম নিরবধি।
ঢেউয়ের পরে ঢেউ ছড়িয়ে
দূরের দেশে যাওয়া
আমার বুকেই নায়ের পালে
লাগতো কত হাওয়া!
আমার তো নেই নদীর মতো
হারিয়ে যাওয়ার সুূখ
বদ্ধঘরে থাকতে আমার
কষ্টে ভরে বুক।
মাঠের পাড়ে বসতে গিয়ে
আকাশ দেখে ভাবি
হতাম যদি আকাশ আমার
পূরণ হতো দাবি।
দাবি ছিল মায়ের কাছে
মেঘের দেশে যাওয়ার
পাখির মতো ভেসে ভেসে
সুখের হাওয়া খাওয়ার।
সুখী আকাশ মেঘের ওপর
ভাসায় মেঘের ভেলা
রোদ-বিষ্টি নিয়ে আকাশ
কতই করে খেলা!
আমার কেবল পড়ার টেবিল
বইয়ের পড়ে বই
পড়তে গিয়ে বদ্ধ ঘরে
একলা পড়ে রই।
