ভুল চিকিত্সায় শিক্ষিকা মৃত্যুর ঘটনায় কারাগারে তিন চিকিত্সক

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০২

ভুল চিকিত্সায় স্কুল শিক্ষিকার মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সমালোচিত চিকিত্সক ডিউক চৌধুরীসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকাল সাড়ে ৩টায় ডিউকসহ অন্য দুই চিকিত্সক ও মামলার আসামি ডা. অরুণেশ্বর পাল অভি ও ডা. শাহাদাত হোসেন রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম।

এর আগে চার সপ্তাহের জামিন শেষে গত ১৮ ডিসেম্বর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্তরা। তখন অবকাশকালীন বিচারক মো. হাসানুল ইসলাম মামলাটি অধিকতর শুনানির জন্য ১ জানুয়ারি ধার্য্য করেন।

গতকাল সকালে ওই তিন চিকিত্সক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। দুই দফায় শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তিন জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী তাসলিমা সুলতানা খানম নিশাত জানান, এদিন অধিকতর শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শাহ পরান বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাবো।’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ভুল চিকিত্সায় জেলা শহরের মুন্সেফপাড়ায় ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যুর অভিযোগে তার বাবা শিহাব আহমেদ গেন্দু ওই তিন চিকিত্সকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।