শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন, শিশুশ্রম নিরসনে অবদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটস ‘এন্টি চাইল্ড লেবার শ্লোগান’ গত বছরের জন্য বাংলাদেশকে পুরস্কৃত করেছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ পুরস্কার গ্রহণ করেন। গতকাল মন্ত্রিপরিষদ সভায় তিনি এ গ্লোবাল অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এ পুরস্কার মনোনয়নের প্রেক্ষাপটে বলা হয়, শিশুশ্রম নিরসন, জোরপূর্বক শ্রম নিরুত্সাহিতকরণ এবং নারী শ্রমিকদের জীবনমানের উন্নয়নের জন্য বাংলাদেশের শ্রম প্রতিমন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশে শ্রম আইন সংশোধনীতে শিশুশ্রম নিরসন, শিশু আইন এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। গর্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭০ ডলার থেকে বাড়িয়ে ৯৫ ডলারে উন্নীত করা হয়েছে।
