আমার পঁয়ত্রিশ বছরের শোক উদ্যাপিত সেই দিঘল কালো চুলে!
চিরুনির মতো আটকে আটকে যায় জীবন। তবু বাতাসে ওড়ে সেই দিঘল চুল
প্রতিটি চুলের ভেতর দিয়ে প্রবাহিত হয় একেকটি গোপন নদী
একেকটি গোপন হাওয়াবত্সর...
চুলে ও নদীতে বিদ্যুত্ থাকে, গিটারের অন্ধকার নিয়ে করুন প্রতিভাও থাকে
বর্ষণের ভার নিয়ে থমকে আছে সেই উন্মত্তরাশি
সেই কর্কটক্রান্তির মেঘ, কালো আঙুরের হিমমৃত্যু
তারা নামিয়ে আনতে আনতে আমি মরে যাই, লিখি শ্বাসরুদ্ধ জীবনী, ভাঙা ঘুম,
তবু অবুঝ গানের মতো মিশে আছি সন্ধ্যা নয়—গভীর রাতের ব্যঞ্জনায়
রাতের গোলাপ হাতে আমার আঙুল কাঁপে!
পঁয়ত্রিশ উদ্যাপনের উন্মত্তরাশি মানবে একমাত্র ফুলের কাঁটাহীন সৌষ্ঠব?
কোথায় গুঁজব ফুল, শুধু ঢেউ, শুধু উড়ে যাওয়া চলন্তিকা অভিধানের পাতা!
