‘বছরে একাধিকবার জ্বালানির দাম পরিবর্তনের সিদ্ধান্ত নিষ্ঠুর তামাশা’

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:২০

বারবার প্রতিশ্রুতি দিয়েও সরকার পাটকল শ্রমিকদের দাবি মানছে না বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। এ ধরনের প্রতারণা থেকে সরে পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নিতে এবং পাট শিল্পে ২০১৫ সালের ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন ও শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য সরকারের প্রতি দাবি জানায় এই জোট। গতকাল বুধবার জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এই দাবি জানানো হয়। এছাড়া এক বিবৃতিতে বছরে একাধিকবার জ্বালানির দাম পরিবর্তন করার ‘গণবিরোধী’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বাম জোটের নেতারা বলেছেন, এ সংশোধনী নববর্ষে জনগণের প্রতি নিষ্ঠুর তামাশা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে বাম জোটের নেতারা জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তন করা যাবে এমন বিধান রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন’-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে ‘জনস্বার্থবিরোধী’ এ সংশোধনী প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  তারা জ্বালানি খাতে দুর্নীতি ও ভুলনীতির অবসান ঘটিয়ে জনগণকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুত্সহ অন্যান্যা জ্বালানি সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।