সমুদ্র কাছে এলে
আঁচল কেন দূরে রাখো মেয়ে
কী অত ভয়
কী বিস্ময়
ফেরি করে ফেরো অচেনা বন্দরে?
আমি তো প্রাচীন রাখাল
বাঁশি ফেলে দূরে
বেজে যাই তীব্র একা
প্রতিরাতে না-ফেরা ঘরে!
আমাকে কাছে রাখো চুড়ি, কপালের টিপ
অলসদুপুর রাখো, জলেভাসা দীপ
রাখো স্পর্শ—অনন্ত মদিরায়
রাখো আকণ্ঠ ডুবে যেতে যেতে
অতল গহিনে...
সমুদ্র কাছে এলে
ফিরে এসো মেয়ে, অনন্ত দহন রেখে...
