একটি শুয়োপোকার প্রজাপতি হবার
অপেক্ষায় থাকি আমি,
যার একদিন রঙিন দুটো ডানা হবে।
সে মুক্ত হবে, স্বাধীন বিহঙ্গের সাথে
পাল্লা দিয়ে উড়বে।
খোলস ছেড়ে বেরিয়ে এসে
পরিপূর্ণ কীটদের দলে নাম লেখাবে।
তবে—
তাকে আর ছোঁয়া যাবে না!
অস্পৃশ্য নাজুক প্রজাপতির ডানায়
কয়েক লক্ষ স্বপ্ন খেলা করবে,
যে স্বপ্নে আমি থাকবো না,
থাকবে অন্য কোনো প্রজাপতির
অন্য কোনো রং।
তবুও অধীর চিত্তে অপেক্ষা করি
তার পরিপূর্ণতা দেখার লোভে।
