সাবেক নিশান প্রধানকে ধরতে ইন্টারপোলের ওয়ারেন্ট 

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

লেবাননে পলাতক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েনকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) । বৃহস্পতিবার ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা লেবানন হাতে পেয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির বিচার বিভাগের এক সূত্র। আর্থিক অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে গত ৩১ ডিসেম্বর জাপান থেকে লেবানন যান গোয়েন। 

সূত্রটি জানায়, গোয়েনকে ধরতে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হাতে পেয়েছে। যা বিচার বিভাগে পাঠানো হবে। গোয়েনকে ধরা হবে কি‘না সে সিদ্ধান্ত এখনও নেয়নি কর্তৃপক্ষ। এর আগে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত কাউকে গ্রেফতার করার নজির নেই দেশটিতে। তবে পাসপোর্ট বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেছে। 

উল্লেখ্য, আর্থিক অনিয়মের দায়ে ২০১৮ সালে গোয়েনকে গ্রেফতার করে জাপান । এরপর জামিনে ছাড়া পান তিনি। জামিনের শর্তে আইনজীবীর কাছে পাসপোর্ট জমা দিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তার দেশ ছাড়ার কথা। তবে তা না মেনে ৩১ ডিসেম্বর তিনি লেবাননে পালিয়ে যান। 

আরও পড়ুন: অ্যামাজনকে টেক্কা দিতে আম্বানির ‘জিওমার্ট’

নিজেকে নির্দোষ দাবি করে গোয়েন বলেছেন, তিনি জাপানের দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থায় জিম্মি থাকতে পারেন না, যেখানে দোষী আগে থেকে ঠিক করা থাকে, যেখানে বৈষম্য বর্তমান এবং মৌলিক মানবাধিকার দেয়া হয় না। তিনি আরও বলেছেন, ‘আমি বিচার থেকে পালাইনি, অবিচার ও রাজনৈতিক নিপীড়নের হাত থেকে পালিয়েছি।’

ইত্তেফাক/এসইউ