রাজশাহীকে জেতালেন শোয়েব মালিক

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:১১

দুই দলের আগের সাক্ষাত্টা হয়েছিল গত ৩১ ডিসেম্বর। মিরপুর স্টেডিয়ামে রংপুর রেঞ্জার্স ম্যাচ জিতেছিল ৪৭ রানে। মাঝে এক দিনের ব্যবধানেই মুদ্রার উলটো পিঠ দেখল রংপুর। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের ফিরতি লড়াইয়ে জয়ী দলের মঞ্চে রাজশাহী রয়্যালস। নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেলকে ছাড়াই খেলতে নেমেছিল রাজশাহী। শোয়েব মালিকের নেতৃত্বে গতকাল বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে জয়ের হাসি হাসল দলটি। রংপুরকে ৩০ রানে পরাজিত করেছে রাজশাহী।

টসে হেরে আগে ব্যাট করা রাজশাহী ৪ উইকেটে ১৭৯ রান তুলেছিল। জবাবে ৭ উইকেটে ১৪৯ রানের বেশি যেতে পারেনি রংপুর। এই জয়ে প্লে-অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে রাজশাহী। ৯ ম্যাচে তাদের জয় ৬টি। হারলেও প্লে-অফের আশা শেষ হয়ে যায়নি রংপুরের। তবে নিজেদের কঠিন সমীকরণের সামনে নিয়ে গেছে দলটি। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ তিন ম্যাচের সব কটিই জিততে হবে রংপুরকে। রাজশাহীর হয়ে হাফ সেঞ্চুরি করা রবি বোপারা ম্যাচসেরা হন।

রাজশাহীর জয়ে বড়ো অবদান অধিনায়ক শোয়েব মালিকের অলরাউন্ড পারফরম্যান্সের। ব্যাট হাতে ৩৭ রানের পর বোলিংয়েও ২ উইকেট নিয়েছেন তিনি। দলের প্রায় সব ব্যাটসম্যানই কম-বেশি রান পেয়েছেন। তবে দলটির স্কোর বড়ো রূপ পেয়েছে রবি বোপারার ব্যাটিংয়ে। ঝোড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ২৯ বলে অপরাজিত ৫০ রান (৪ চার, ৩ ছয়) করেছেন বোপারা। ইনিংসের শুরুতে লিটন দাস-আফিফ হোসেনের ওপেনিং জুটি ভেঙেছে ৫১ রানে। পঞ্চম ওভারে লিটন ফেরেন ১৯ রান করে। পরের ওভারে আফিফ আউট হন ১৭ বলে ৩২ রান করে। ইরফান শুক্কুর ২০ রান করে আউট হলেও শোয়েব মালিক একপ্রান্ত আগলে খেলে গেছেন। ১৭তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩১ বলে ৩৭ রান করেছেন। মোহাম্মদ নেওয়াজ ৯ বলে অপরাজিত ছিলেন ১৫ রান করে। রংপুরের পক্ষে মুস্তাফিজ ২টি, আরাফাত সানি ও নবী ১টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নামা রংপুরকে আবারও হতাশ করেছেন অধিনায়ক শেন ওয়াটসন। বিপিএলে এই অস্ট্রেলিয়ানের ব্যাটিং ঝলক দেখার অপেক্ষা আরো বেড়েছে। ইনিংসের তৃতীয় বলেই নেওয়াজের বলে বোল্ড হয়েছেন ওয়াটসন (২)। বিপিএলে চার ম্যাচ খেলেও দুই অঙ্কের ঘর পার হতে পারেননি তিনি। ডেলপোর্ট, নাঈম শেখের আক্রমণাত্মক ব্যাটিংটা লম্বা হতে দেননি শোয়েব মালিক। তার অফ স্পিনের শিকার হন তারা। নাঈম শেখ ১৮ বলে ২৭, ডেলপোর্ট ৭ বলে ১৪ রান করেন। ৪৭ রানে ৩ উইকেট পতনের পর টম আবেল-ফজলে মাহমুদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল রংপুর।

কিন্তু রান-বলের দূরত্ব বেশি হওয়ায় তারা পেরে ওঠেননি। ৬৪ রানের জুটি গড়েছিলেন তারা। ফজলে মাহমুদ ৩৪, আবেল ২৯, আল-আমিন জুনিয়র ১৮ রান করেন। রাজশাহীর শোয়েব মালিক, কামরুল ইসলাম রাব্বি ও নেওয়াজ ২টি করে এবং ইরফান ১টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

রাজশাহী রয়্যালস :২০ ওভারে ১৭৯/৪

রংপুর রেঞ্জার্স :২০ ওভারে ১৪৯/৭। ফলাফল :রাজশাহী রয়্যালস ৩০ রানে জয়ী। ম্যাচসেরা :রবি বোপারা (রাজশাহী)।