তাইওয়ানের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাপ্রধানসহ আট জন নিহত হয়েছেন। গতকাল রাজধানী থেকে কিছুটা দূরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে এই দুর্ঘটনা ঘটল। খবর ডেইলি মেইলের
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শি শাহ ওয়েন জানান, বৃহস্পতিবার ইউএইচ-৬০এম ব্ল্যাক হোয়াক নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় রাজধানীর বাইরে পার্বত্য এলাকায়। এই সময় সেনাপ্রধান শেন ই মিংসহ আট জন নিহত হন। নিহতদের মধ্যে কয়েক জন শীর্ষ সেনা কর্মকর্তাও রয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সেনাপ্রধানসহ অন্যরা ইয়েইলান কাউন্টিতে সৈন্যদের সঙ্গে রুটিন সাক্ষাতের জন্য যাত্রা করেছিলেন। স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি তাইপের সংশান এয়ারফোর্স বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ১০ মিনিট পরই রাডারের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিধ্বস্ত হয়। ১৩ আরোহীর মধ্যে পাঁচ জন বেঁচে গেছেন। এয়ারফোর্স কমান্ডার হিসুইয়ং হৌ-চি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের আট সহকর্মীকে হারিয়েছি।’ তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
