অস্ট্রেলিয়ায় দাবানলে ৫০ কোটি প্রাণীর মৃত্যু 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০১:৩৫

অস্ট্রেলিয়ার দাবানলে প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জন মানুষের। 

সিডনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদরা বলছেন, দাবানলে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৪৮০ মিলিয়ন স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপ নিখোঁজ হয়ে গেছে। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজন মারা গেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে। 
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে পড়েছে। আটকা পড়েছে হাজার হাজার বাসিন্দা। অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

যেসব কৃষক আগুন থেকে বাঁচার জন্য অন্য স্থানে আশ্রয় নিয়েছিলেন, তারা পরে বাড়ি ফিরে দেখেন তাদের ফসলি জমি, গৃহপালিত ও বন্যপ্রাণী পুড়ে ছাই হয়ে গেছে।

ছবি ও ভিডিওতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করছে ক্যাঙ্গারুরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে অসংখ্য প্রাণী পুড়ে মরে গেছে। কাকাতুয়াসহ অন্য অনেক পাখি মরে গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে। কোয়ালার মৃতদেহ পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে কোয়ালা। কারণ এরা ধীরে ধীরে চলাফেরা করে। আর ইউক্যালিপটাস গাছের পাতা খায়, যা তেলে ভরা থাকে। এতে এই গাছে আগুন বেশি জ্বলে। খবর: মেট্রো

ইত্তেফাক/জেডএইচ