১৬ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৩

রাজশাহীতে অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত সাবেক ও বর্তমান ১৬ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। এ ঘটনায় চার জনের ছাত্রত্ব বাতিল, পাঁচ জনের সনদ আটক ও সাত জনকে অন্যত্র বদলি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ছাত্রত্ব বাতিল ও সনদ আটকানোর সিদ্ধান্ত কার্যকর হলেও বদলির সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের সুপারিশে জড়িত ১৬ ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তির সুপারিশ গত মাসে বাংলাদেশ কারিগরি বোর্ডে পাঠানো হয়েছিল।

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন জানান, গত বুধবার কারিগরি বোর্ডের সিদ্ধান্ত হাতে পেয়েছেন। বৃহস্পতিবার নিজেদের সভায় সম্মতিক্রমে চার জনের ছাত্রত্ব বাতিল ও পাঁচ জনের সনদ আটকের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এছাড়া চলমান পরীক্ষার বিষয়টি বিবেচনা করে ১ ফেব্রুয়ারি থেকে সাত জনকে অন্যত্র বদলির আদেশ কার্যকর হবে। তবে গতকাল সভা শেষে তাদের টিসি ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী পলিটেকনিকের মিডটার্মে অকৃতকার্য ও ক্লাসে অনুপস্থিত দুই শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিনকে চাপ দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। অধ্যক্ষ অপরাগতা প্রকাশ করলে গত ২ নভেম্বর অধ্যক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। ঐ দিন দুপুরে নামাজ শেষে অফিসে ফেরার পথে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে ক্যাম্পাসের ভেতরের পুকুরের পানিতে ফেলে দেয় ঐ ছাত্রলীগ নেতাকর্মীরা। এ নিয়ে থানায় মামলা করেন অধ্যক্ষ। এতে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অর্ধশত জনকে আসামি করা হয়। অধ্যক্ষের মামলায় মূলহোতাসহ ১৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া ইনস্টিটিউট একটি তদন্ত কমিটি গঠন করে।