বিবিসি
অস্ট্রেলিয়ার দাবানল নেভানোর চেষ্টা করতে গিয়ে নিহত এক স্বেচ্ছাসেবীকে তার বীরত্বের জন্য সম্মান জানাতে তার শিশুপুত্রের হাতে মেডেল তুলে দেওয়া হয়েছে। ১৯ মাস বয়সী হার্ভি কিটন বৃহস্পতিবার তার বাবার মরণোত্তর পুরস্কার গ্রহণ করে। পুরস্কারটি দেওয়া হয় তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে। সেসময় কিটনের কফিনের পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দেন দমকলকর্মীরা।
১৯ ডিসেম্বর আগুন নেভাতে যাওয়ার পথে গাড়িতে গাছ পড়লে জেফ কিটন ও তার সহকর্মী অ্যান্ড্রু ও ডোয়াইয়ার মারা যান। অ্যান্ড্রু ও ডোয়াইয়ারেরও একটি শিশু সন্তান রয়েছে, আগামী সপ্তাহে তার শেষকৃত্য হবে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের দমকল বিভাগের কমিশনার শেন ফ্রিটজসিমন্স শিশু হার্ভি কিটনের হাতে তার বাবার সাহসিকতার পুরস্কার তুলে দেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, জেফ কিটনের জীবন ও তার দেওয়া সেবার প্রতি সম্মান জানাতে তিনি শেষকৃত্য অনুষ্ঠানে এসেছেন। কিটন ও ওডোয়াইয়ার ছাড়াও সেদিন আরো একজন অগ্নিনির্বাপক কর্মী নিহত হন। এতে আহত হন দুই জন। অস্ট্রেলিয়ায় দাবানলে এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে এই সপ্তাহে শুধু নিউ সাউথ ওয়েলসে সাত জন মারা গেছেন।
আগুন নেভাতে এখন পর্যন্ত কয়েক হাজার দমকলকর্মী নিয়োগ করা হলেও বিশাল ঐ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই দমকলকর্মীদের অধিকাংশই স্বেচ্ছাসেবী অর্থাত্ তারা বিনা পারিশ্রমিকে আগুন নেভানোর কাজ করছেন।
