কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের নদীরপাড় এলাকায় কয়েক হাজার পরিবার বিদ্যুতের আওতায় এখনো আসেনি। যখন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছানো হচ্ছে, ঠিক তখনি কিছু অসাধু লোক গ্রামের প্রতিটি বাড়িতে লোক পাঠিয়ে বিদ্যুত্ সংযোগ দেওয়া এবং খুঁটি স্থাপনের নামে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত চাঁদা হাতিয়ে নিচ্ছে। গ্রামের অসহায় খেটে খাওয়া লোকগুলো বিদ্যুতের আলো পাওয়ার আশায় প্রতারকদের ফাঁদে পড়ে ধার-দেনা করে হলেও টাকা দিচ্ছে কোনো রশিদ ছাড়াই। যারা টাকা দিতে অস্বীকার করছে তাদের দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
মো. জিয়াউর রহমান
হোকডাঙ্গা, সাতদরগাহ, উলিপুর, কুড়িগ্রাম
