চট্টগ্রামকে সহজ টার্গেট দিলো খুলনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:০০

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে এক বল হাতে থাকতেই মাত্র ১২১ রানে অলআউট হয় খুলনা টাইগার্স। শুরুতেই মেহেদী মিরাজ ও হাশিম আমলাকে হারিয়ে চাপে পড়ে খুলনা। এরপর শামসুর রহমানকেও তুলে নেন কেসরিক উইলিয়ামস।

সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে খুলনা টাইগার্স। মেহেদী মিরাজ ৪ ও হাশিম আমলা ৮ রানে ফিরলেও রানের খাতাই খুলতে পারেননি শামসুর রহমান।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে নেন মুশফিকুর রহিম ও রাইলো রুশো। মুশফিক ২৯ রানে আউট হলে ৪৯ রানের জুটি ভাঙে তাদের। ফিফটির স্বপ্ন জাগিয়ে ৪৮ রানে ফেরেন রুশো।  তার বিদায়ের পর আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। শেষ পর্যন্ত ১২১ রানেই থামতে হয় খুলনাকে। 

চট্টগ্রামের হয়ে তিনটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও রুবেল হোসেন। কেসরিক উইলিয়ামস নেন দুটি উইকেট।

ইত্তেফাক/এসআই