ঢাকায় বিপিএল দেখতে মাঠে নেই দর্শক। দর্শকখরা কাটাতে হলে স্টেডিয়ামের বিভিন্ন স্থানে করা যেতে পারে বিশেষ কিছু জোন। সেটা কীভাবে, জানাচ্ছেন মুহা. তাজুল ইসলাম
v বেকার জোন :চাকরিপ্রত্যাশীদের জন্য থাকতে পারে বেকার জোন, যেখান থেকে মাঠ মাতিয়ে রাখা বেকারদের মধ্য থেকে বাছাই করা দুজন বেকার পাবেন স্পন্সর করা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির অফার। মাত্র দুটি চাকরির জন্য কয়েক হাজার বেকার মাঠে ভিড় করবে।
v গৃহকর্তা জোন :দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্লান্ত গৃহকর্তাদের জন্য থাকতে পারে গৃহকর্তা জোন, যেখানে পুরো ম্যাচ দেখলে গৃহকর্তারা ম্যাচ শেষে পাবেন দুই কেজি পেঁয়াজ এবং সঙ্গে কয়েক পিস আলু, পটল ও মুলা। এমন অফারে গৃহকর্তারা বাজার রেখে মাঠে ভিড় করবেন।
v কাপল জোন :আগে মাঝেমধ্যে মাঠে অনেক কাপল দেখা যেত কিন্তু ১৮-২০টা টিভি ক্যামেরার দ্বারা তাদের চেহারা টিভিতে অভিভাবকদের কাছে প্রকাশ পেয়ে যাওয়ায় এখন ধরা খাওয়ার ভয়ে প্রেমিক-প্রেমিকারা মাঠে আসতে সাহস পাচ্ছেন না। তাদের জন্য তাই করা যেতে পারে কাপল জোন, যেখানে ক্যামেরা ঘোরাঘুরি করবে না।
v ক্যাসিনো জোন :যাদের ক্যাসিনোতে ছিল অবাধ বিচরণ, কিন্তু এখন সেখানে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের জন্য করা যেতে পারে ক্যাসিনো জোন। ক্যাসিনোর টানে তারা দেশের বিভিন্ন শহর থেকে মাঠে চলে আসবে।
v তরুণী জোন :এই জোনে বসে পুরো ম্যাচ দেখা তরুণীদের জন্য ম্যাচ শেষে বিনামূল্যে থাকবে বিউটি টিপস কর্মশালা এবং ভুয়া কসমেটিকস কোম্পানির সৌজন্যে আটা-ময়দা, পেঁয়াজসহ রূপচর্চার বিভিন্ন উপাদান। এতে উক্ত কোম্পানির যেমন মার্কেটিং হবে, ঠিক তেমনি তরুণীরাও মাঠে ভিড় জমাবে।
v এমবি জোন :যারা পকেটের টাকা খরচ করে এমবি কেনেন, তাদের জন্য থাকতে পারে এমবি জোন। মাঠের এই জোনে বসে পুরো ম্যাচ চলাকালীন ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগের পাশাপাশি তারা পাবে দীর্ঘ মেয়াদের ফ্রি মোবাইল ডাটা ব্যবহারের সুবিধা। মোবাইলে ফ্রি এমবি পাওয়ার আশায় অনেক কিশোর-তরুণ মাঠে চলে আসবে।
