ভারতীয় মহিলা দলের কোচ কার্স্টেন?

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

কোচ হিসেবে সারা পৃথিবীতেই অত্যন্ত লোভনীয় নাম গ্যারি কার্স্টেন। ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানোর  পর থেকে অনেক লোভনীয় সব প্রস্তাব পেয়েছেন। কিন্তু নিজের দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব পালন শেষে আর কোনো জাতীয় দলের দায়িত্ব নেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করেও পায়নি তাকে। এখন কেবল আইপিএলে একটি দলের কোচিং করাচ্ছেন কার্স্টেন। কিন্তু অবশেষে নিজেই আগ্রহী হয়েছেন ভারতীয় নারী দলের কোচ হওয়ার ব্যাপারে। তার আবেদনপত্র পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড তিন জনের সংক্ষিপ্ত তালিকায় রেখেছে কার্স্টেনের নাম। এই পদের জন্য ২৭ জন আবেদন করেছিলেন। সম্প্রতি রমেশ পাওয়ারের সঙ্গে ওয়ানডে অধিনায়ক মিথিলা রাজের গোলমাল হওয়ায় শেষ হয়ে গেছে ভারতীয় মহিলা দলে পাওয়ারের অধ্যায়। তারপর থেকে নতুন কোচের সন্ধানে আছে তারা।