টটেনহ্যামের জয় ছাপিয়ে ডেলে আলি কাণ্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫০

চেলসির কষ্টার্জিত জয়

 স্পোর্টস ডেস্ক

টটেনহ্যাম ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে। তবে এ জয়কে ছাপিয়ে যায় টটেনহ্যাম ফরোয়ার্ড ডেলে আলিকে আর্সেনাল সমর্থকের বোতল ছুড়ে মারার ঘটনা। দিনের অন্য ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে জয় পেয়েছে চেলসি।

গত বৃহস্পতিবার রাতে আর্সেনালের মাঠে খেলাটিতে ৭৩ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। তখনই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। আর্সেনাল সমর্থকের ছুড়ে দেয়া প্লাস্টিকের বোতল এসে আঘাত হানে ডেলে আলির মাথায়।

দুদলের মধ্যকার উত্তর লন্ডন ডার্বিতে আগের ম্যাচে আর্সেনালের পিয়েরে এমেরিক অবামেয়াং স্বাগতিক টটেনহ্যাম সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেটিই এই ঘটনার পেছনে ইন্ধন জুগিয়েছিল। টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনোর মতে এই ঘটনা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ডার্বিটিকে খারাপভাবে উপস্থাপন করেছে।

সফরকারীরা ২০তম মিনিটে ইংল্যান্ড প্লেমেকার আলির বাড়ানো বল থেকে সন হিউং মিনের করা গোলে এগিয়ে যায়। এরপরে ৫৯ মিনিটে দারুণ এক চিপে আর্সেনাল গোলরক্ষক পিয়েতর চেককে বোকা বানান আলি। দুই গোলে ম্যাচটি জিতে সেমিফাইনালের পথে পা বাড়ায় টটেনহ্যাম। সেমিতে তাদের প্রতিপক্ষ চেলসি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডেলে আলির মাথায় বোতল মারার বিষয়টিই প্রধান হয়ে ওঠে। টটেনহ্যাম কোচ পচেত্তিনো জানান, দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের অনুভূতিগুলোর নেতিবাচক দিকটি তুলে ধরেছে এই ঘটনা।

আর্জেন্টাইন এই কোচ বলেন,‘ভাগ্য ভালো এটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায়নি। একটা ডার্বি ম্যাচ খেলার সময় আমরা একে অপরকে ঘৃণা করি, তবে সেটা ভালো উপায়ে। কিন্তু এটা তার খারাপ দিকটিই তুলে ধরেছে। প্রতিপক্ষের একজনের ক্ষতি করার উদ্দেশ্য ছিল সেটা।’

পচেত্তিনো আরও বলেন,‘আমি সাধারণভাবে কিছুই বলতে পারবো না, কেননা শুধুমাত্র একজন হতচেতন মানুষই একটা ভুল করেছে।’ 

আর্সেনাল কোচ উনাই এমেরি জানালেন ঘটনাটি সরাসরি দেখেননি তিনি, তবে বললেন এটা অগ্রহণযোগ্য। এমেরির ভাষায়,‘আমি দেখিনি, আমি মনে করেছিলাম স্টেডিয়ামের পরিবেশ ভালোই ছিল। যদি এমন কিছু ঘটেই থাকে তবে সেটা মোটেও ভালো ব্যবহার হয়নি।’

এদিকে চেলসি এডেন হ্যাজার্ডের শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথকে হারিয়েছে। শেষ চারে টটেনহ্যামের মুখোমুখি হবে কোচ মাউরিজিও সারির চেলসি। সেমিফাইনালের অন্য ম্যাচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে বার্টন অ্যালবিয়নের।