স্পোর্টস ডেস্ক
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের শিরোপা রক্ষায় সংযুক্ত আরব আমিরাতের আল আইনের মুখোমুখি হবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল গত বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দেয়।
আবুধাবিতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ফাইনালটি। রিয়াল এতে অংশ নেবে টানা তৃতীয় বছরের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে।
গ্যারেথ বেল এর হ্যাটট্রিকে জয়টি অনায়াস হয়ে ওঠে রিয়ালের জন্য। ওয়েলশ ফরোয়ার্ডটি মার্সেলোর সঙ্গে দেওয়া নেওয়া থেকেই গোলটি করেন। দ্বিতীয় গোলটি আসে বিপক্ষের রক্ষণভাগের ভুলে। অতঃপর তিনি ফাঁকা জাল পেয়ে বল জড়িয়ে দেন। দুই মিনিট পরই মার্সেলোর জোগানে দুরূহ কোণ থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন বেল।
এ নিয়ে ক্লাব বিশ্বকাপের পাঁচ খেলায় ছয় গোল করলেন বেল। যদিও খেলাটিতে তার অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তিনি খেলে দলের জয়ে সবকটি গোল করলেও কোচ সান্তিয়াগো সোলারি পরে তাকে তুলে নেন।
কোচ সোলারি বলেন, ‘সব খেলোয়াড়ই মনোযোগী ছিল এবং তিনদিনের মধ্যেই আমাদের আবার এটি করা লাগবে।’ বেল প্রসঙ্গে তিনি বলেন, ‘সে সবকটি সুযোগই কাজে লাগিয়েছে। তার জন্য এটা ছিল মুগ্ধতায় ভরানো এক খেলা। এছাড়াও সে কে সেটা দেখিয়েছে। সে কি করতে পারে তাও দেখিয়েছে। আমরা তার জন্য শিহরিত।’
সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন এর আগেরদিন আর্জেন্টিনার রিভারপ্লেট ক্লাবকে টাইব্রেকে হারিয়ে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার ফাইনালে ওঠে। ক্লাবটিকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রাখা গোলরক্ষক খালিদ এসা জানিয়েছিলেন শিরোপাই এখন তাদের লক্ষ্য।
আরব আমিরাতের জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক খালিদ এ নিয়ে দুটি খেলাতেই দলের জয়ে পেনাল্টি ঠেকিয়ে নায়কে পরিণত হন।
