স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের দুটি ম্যাচই ড্রয়ের দিকে এগোচ্ছে। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। বৈরী আবহাওয়ার বাধা কাটিয়ে দ্বিতীয় দিনে খেলা হয়েছিল। যদিও গতকাল তৃতীয় দিন শেষে ম্যাচের দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি। আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিনে অস্বাভাবিক কিছু না ঘটলে ড্রয়ের গন্তব্যেই যাচ্ছে দুটি ম্যাচ।
বগুড়ায় গতকাল আট উইকেটে ২৬২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। পরে ব্যাট করতে নেমে তিন উইকেটে ১৩৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ফজলে মাহমুদ ৫৭, তুষার ইমরান ২৯ রানে অপরাজিত আছেন।
রাজশাহীতে আগের দিনের ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বিসিবি উত্তরাঞ্চল। গতকাল প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়েছে দলটি। তবে ওয়ালটন মধ্যাঞ্চল ভালোই শুরু পেয়েছে। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ এক উইকেটে ১৪৯ রান। সাইফ হাসান ৬৬, আব্দুল মজিদ ৭ রানে ব্যাট করছেন।
শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল আরও চার উইকেট হারিয়ে ৫৮ রান যোগ করে পূর্বাঞ্চল। ইয়াসির আলী ৭০, মাহমুদুল হাসান ২৮, ফরহাদ রেজা ১৯, জাকির হাসান ১৫ রান করেন। দক্ষিণাঞ্চলের আল-আমিন হোসেন তিনটি, রাজ্জাক-মেহেদী হাসান দুটি করে এবং শফিউল একটি উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই এনামুল হক বিজয়ের (৫) উইকেট হারিয়ে বসে দক্ষিণাঞ্চল। ফজলে মাহমুদ-রকিবুল হাসান দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন। রকিবুল ফিরেন ২৫ রান করে। উইকেটে থিতু হতে পারেননি আল-আমিন জুনিয়রও (২)। ৭২ রানে তিন উইকেট পড়ার পর বাকি সময়ে আর বিপদ হতে দেননি ফজলে মাহমুদ ও তুষার ইমরান। ৬৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন তারা। পূর্বাঞ্চলের পক্ষে ফরহাদ রেজা, তাইজুল ও আবু জায়েদ রাহী একটি করে উইকেট পান।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গতকাল ৫৪ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারিয়েছে মধ্যাঞ্চল। নাঈম ইসলাম ৩০, ধীমান ঘোষ ১৭, জিয়াউর রহমান ১১ রান করেন।
মধ্যাঞ্চলের আরাফাত সানি তিনটি, শুভাগত হোম-তাসকিন-শহীদুল দুটি করে ও রবিউল হক একটি উইকেট পান। গতকালই প্রতিপক্ষের প্রথম ইনিংসের স্কোরটা টপকে গেছে মধ্যাঞ্চল। দিন শেষে ৩ রানে এগিয়ে দলটি। সাইফ হাসান ও নাজমুল শান্ত ওপেনিংয়ে ১১৬ রানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। শান্ত ৬৭ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে টিকে ছিলেন সাইফ হাসান। আব্দুল মজিদকে নিয়ে শেষ বিকেলে ৩৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন সাইফ হাসান।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল- প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
পূর্বাঞ্চল: ২৬২/৮ ডি., ৮৩.৪ ওভার (ইয়াসির আলী ৭০, মাহমুদুল হাসান ২৮, ফরহাদ রেজা ১৯, জাকির হাসান ১৫; আল-আমিন হোসেন ৩/২৬, মেহেদী হাসান ২/৪৭, রাজ্জাক ২/৭৪, শফিউল ১/৭৪)
দক্ষিণাঞ্চল:১৩৬/৩, ৪৮ ওভার (ফজলে মাহমুদ ৫৭*, তুষার ইমরান ২৯*, রকিবুল ২৫; ফরহাদ রেজা ১/১৫, তাইজুল ১/৩০, আবু জায়েদ রাহী ১/৩২)
বিসিবি উত্তরাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল
উত্তরাঞ্চল: ১৪৬, ৫৬ ওভার (নাঈম ইসলাম ৩০, ধীমান ঘোষ ১৭, জিয়াউর ১১; আরাফাত সানি ৩/৩৮, শুভাগত হোম ২/৪, তাসকিন ২/৪৪, শহীদুল ২/৪২, রবিউল ১/১৫)
মধ্যাঞ্চল: ১৪৯/১, ৪২ ওভার (সাইফ হাসান ৬৬*, নাজমুল শান্ত ৬৭, আব্দুল মজিদ ৭*; নাঈম ইসলাম ১/৪৫)
