সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২২:০০

মুলাদীতে নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফরিদা হাসান, সাবেক সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, সদস্য ফজলু তফাদার, কাজল পালোয়ান প্রমুখ। মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, বিষয়টি আমাদের অবহিত করা হয়নি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গুরুদাসপুরে এতিমখানা মাদ্রাসাসহ সাত কক্ষ ভস্মীভূত

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুরের নাজিরপুর বাজারে শুক্রবার রাতে বিদ্যুতের আগুনে পুড়ে গেছে একটি এতিমখানা মাদ্রাসার চারটি কক্ষ। মাদ্রাসার ছড়িয়ে পড়া আগুনেই পুড়েছে এক সৌদি প্রবাসীর আরো তিনটি কক্ষ। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি আব্দুল কুদ্দুস। এতিমখানার মহতামিম আকরাম হোসেন বলেন, এশার নামাজ শেষে ফেরার পথে তিনি খবর পান তার হজরত ফাতেমাতুজ জহুরা (রা.) মহিলা কওমী এতিমখানা মাদ্রাসায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আসার আগেই তার মাদ্রাসার চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে মাদ্রাসার বই-খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে। স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঈশ্বরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে শনিবার মতবিনিময় ও সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। উপজেলা হলরুমে মুজিববর্ষকে সামনে রেখে ‘তারণ্যের চোখে আগামীর ঈশ্বরগঞ্জ’ বিষয়ের আলোকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, চরজিতর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।

সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ১৯৫৫ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের ছাত্র গাজীপুর কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জুয়েলের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোহাগী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মত্স্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ শিল্প ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জিয়াউল্লাহ খান, ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ারুল হক বাবুল, ব্রিগেডিয়ার সামসুল হক কাসেম, ডিজিএফআইএর  সাবেক পরিচালক গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাঈন উদ্দিন, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে শনিবার বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-২০১৮ প্রদান করা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। মো. ফজর আলীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিক, দিইলেকটোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 

যবিপ্রবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সোমবার

যশোর অফিস আগামীকাল সোমবার বেলা ১১টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওরিন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন।

আঞ্চলিক সিএনজি শ্রমিক সংগঠনের সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা বিশ্বনাথে শুক্রবার রাতে কালিগঞ্জবাজার সিএনজি শ্রমিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল ইসলাম বাবুল ও সহ-সাধারণ সম্পাদক এনামুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সালিশ ব্যক্তি সৈয়দ রাজ্জাক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু প্রমুখ। সভায় সর্বস্মতিক্রমে আব্দুল আহাদকে সভাপতি ও এনামুল ইসলামকে সাধারণ সম্পাদক কালিগঞ্জবাজার সিএনজি শ্রমিক সংগঠনের কমিটি গঠন করা হয়।

নেত্রকোনা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা সমাজ কল্যাণ সমিতি পরিচালিত নেত্রকোনা চক্ষু হাসপাতালে শনিবার বিনামূল্যে চোখের ছানি অপারেশন শুরু হয়েছে। সমিতির সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়র রহমান খানের সভাপতিত্বে অপারেশন উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। প্রথম দিন ১০ জনের চোখের ছানি অপারেশন করা হয়। এ সময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক ছায়েদুর রহমান এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া উপস্থিত ছিলেন। চিকিত্সকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট চক্ষু চিকিত্সক ডা. পলাশ মজুমদার।

পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে শনিবার।

এ উপলক্ষ্যে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে প্রধান শিক্ষক স্বপন দত্তের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ। শেষে ১০০ পাউন্ডের কেক কাটা হয়।

সরকারি কর্মচারী ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠিত

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ ও সংবর্ধনা শনিবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী শেখ আজীম উর রশিদ ও মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকাত আনোয়ার ইসলাম।