হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শনিবার সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিমানবন্দরের কনকোর্স হলে বিমানের পরিচ্ছন্নতা কর্মী সুমন শিকদারের কাছ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো তার জুতার তলায় লুকানো ছিল। এ সময় তার সহযোগী পরিচ্ছন্নতা কর্মী শাহীন হোসেন ও বেলাল আকনকেও আটক করা হয়।
তিনি জানান, গতকাল শনিবার ১০টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বিমানের ফ্লাইট বিজি ০২৮। ঐ ফ্লাইটে বিমানের পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহীন ও বেলাল। বিমানবন্দরের ১ নম্বর বেতে বিমানটি যাত্রী নামানোর জন্যে ডকিং করার পর পরিচ্ছন্নতা কর্মীরা বিমানে প্রবেশ করেন। কাজ শেষে তারা নেমে আসেন। এ সময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে সে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে সুমনসহ তিন জনকে বিমানবন্দর আর্মড পুলিশের ?অফিসে এনে তল্লাশি করলে সুমনের দুই জুতার শুকতলায় ২০ পিস সোনার বার পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে সুমন জানায়, কালাম নামে বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তাকে এই সোনার বার দেন। এই কাজে সে ২০ হাজার টাকা পেত। আটক সোনার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
