দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
দেলদুয়ারে রাসায়নিক সার ও বিষের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার যাতে বাড়ানো যায় সেই উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কেঁচো কম্পোস্ট সার তৈরির। উপজেলা কৃষি বিভাগের সহায়তায় পরীক্ষামূলক ২০ জন কৃষক এই সার তৈরি করে ব্যাপক সফলতা পেয়েছেন। ইতোমধ্যে অন্য কৃষকরাও কেঁচো কম্পোস্ট সার তৈরি ও ব্যবহারে উদ্বুদ্ধ হচ্ছেন।
আটিয়া ইউনিয়নের আদর্শ কৃষাণি রীনা বেগম কেঁচো কম্পোস্ট সার তৈরি ও ব্যবহার করছেন। এই জৈব সার দিয়ে সবজি চাষ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তার সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে জৈব সার ব্যবহার করছেন। কৃষি অফিসের তথ্যমতে কেঁচো কম্পোস্ট সারে নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, ম্যাগনেশিয়াম, বোরন, জৈব কার্বন ও পানি থাকে। যা মাটির জন্য খুবই উপকারী।
