প্লেনের ককপিট যখন লোকাল বাস!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০৪:১৫

যাত্রীসেবা দিতে ব্যর্থ হলে বাস বিশেষত লোকাল বাসের ড্রাইভার-কনডাক্টরের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডার দৃশ্য বেশ পরিচিত, যা বিমানের ক্ষেত্রে অনেকটা কল্পনাতীত। তবে এমন কল্পনাতীত ঘটনাই ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় কয়েকজন যাত্রী পাইলট ও কেবিন ক্রুর সঙ্গে দুর্ব্যবহার ও ককপিটের দরজা ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার দিল্লি থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে বসেন যাত্রীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে বিমান ছাড়তে দেরি হচ্ছিল। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে কয়েকজন যাত্রী বিমানের কেবিন ক্রুদের সঙ্গে  বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বিমান কর্তৃপক্ষ দাবি করেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ছাড়তে দেরি হচ্ছিল। এসময় যাত্রীরা ককপিটের দরজায় কড়া নাড়তে থাকেন। এসময় তারা বিমানের পাইলটদের বাইতে বেরিয়ে আসতে বলেন। নয়তো দরজা ভেঙ্গে ফেলার হুমকি দেন তারা। 

অন্যদিকে আরেক নারী যাত্রী বিমানের জরুরি বহির্গমন গেট খোলার জন্য এক কেবিন ক্রুর হাত খামছে ধরেন বলে অভিযোগ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: বাগদাদে রকেট হামলায় কেঁপে উঠলো মার্কিন দূতাবাস

যাত্রীদের এমন আচরণ মোটেও ভাল ভাবে নেয়নি কর্তৃপক্ষ। তারা দুর্ব্যবহার করা যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এই লক্ষ্যে কেবিন ক্রুদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বিমান কর্তৃপক্ষ। 

ভিডিও লিংক: 

ইত্তেফাক/এসইউ