সুষ্ঠু নির্বাচনের আশাবাদী জেপি প্রার্থী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১৪ দলীয় জোট প্রার্থী জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জামিলুল হক বকুল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসক্লাবের নাসির আহম্মেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেপি’র জেলা কমিটির উপদেষ্টা প্রবীণ শিক্ষক মো. আবু মুরাদ, মো. জাফরউল্লাহ, জেলা জেপি’র সদস্য আব্দুল জলিল ভুঁইয়া, আরএকে শাহীন খান প্রমুখ।

জেপি প্রার্থী জামিলুল হক বকুল এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলায় গণসংযোগকালে ভোটারদের ব্যাপক সারা পাওয়ার কথা উল্লেখ করে বলেন, কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ পেলে উত্সবমুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। তিনি মাঠে সুষ্ঠু পরিবেশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।