স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল মোহিত তালুকদারের মনোনয়ন স্থগিত হওয়ায় আসনটি দলটির প্রার্থী শূন্য হয়ে পড়েছে। আদালতের আদেশ নির্বাচনী এলাকায় পৌঁছার পর বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। তবে বিকল্প প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন নয়নকে সমর্থন দেয়া হতে পারে বলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নয়নের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
বগুড়া-৩ আসনটি বিএনপির নিশ্চিত বিজয়ের একটি আসন ছিল উল্লেখ করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলম বলেন, আইনগতভাবে আব্দুল মোহিত তালুকদার আর নির্বাচন করতে পারছেন না। এখন এই আসন নিয়ে আমাদের কী করণীয়, সেটা কেন্দ্রের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। দুই-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে।
আব্দুল মোহিত তালুকদার এই আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার ছোট ভাই। মোহিত তালুকদার আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান। চেয়ারম্যান থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করলে সেখানে তার মনোনয়ন বাতিল করা হয়। শেষে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পেলে ইসি আপিল করে তা বাতিল করে দেয়। এই আসনে আব্দুল মোহিত তালুকদারের ভাবি তথা খোকার স্ত্রী মাছুদা মোমিনকে প্রথমে মনোনয়ন দেয়া হয়েছিল। পরে দল থেকে মোহিত তালুকদারকে চুড়ান্ত করা হলে তারটা বাতিল করা হয়। এই আসন এখন বিএনপি প্রার্থী শূন্য রয়েছে।
বগুড়ায় বিএনপির একাধিক সূত্র জানায়, বগুড়া-৩ আসনে শেষ পর্যন্ত দলের কেউ প্রার্থীতা ফিরে না পেলে বিকল্প কাউকে সেখানে সমর্থন দেওয়ার চিন্তাও রয়েছে। এক্ষেত্রে দুপচাঁচিয়া উপজেলার আমষট্ট গ্রামের বাসিন্দা আফজাল হোসেন নয়নকেই বেছে নেওয়া হতে পারে। তার বড় ভাই মোয়াজ্জেম হোসেন বুলু দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য।
আফজাল হোসেন নয়ন বলেন, ‘ছাত্র জীবনে আমি তালাবায়ে আরাবিয়া নামে অরাজনৈতিক সংগঠন করলেও আমার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু দলীয়ভাবে প্রার্থী শূন্য হয়ে পড়া এই আসনে আমাকে সমর্থন করার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এখনও আনুষ্ঠানিক কোন কথা হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে কারও কারও সাথে কথা হচ্ছে। আমি মাঠে রয়েছি। প্রচার চালিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়।’
