ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। থানা সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন। এ সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ইউএনও মাছুমা আরেফিন ও ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও মাছুমা আরেফিন জানান, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রতিটি কেন্দ্রে ১২ জন আনছার ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ ও র্যাব সদস্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। এ জন্য সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনছারসহ আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আশা করছি উত্সবমুখর পরিবেশে ফুলবাড়ী উপজেলার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
