বিসিবির প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো পিসিবি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৭:৩৬

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে পাল্টাপাল্টি প্রস্তাব চলছেই।  পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করছে বাংলাদেশ আর বাংলাদেশের প্রস্তাব ভালো লাগছে না পাকিস্তানের। বাংলাদেশ বলছে টি-টোয়েন্টির পর তারা টেস্ট নিয়ে ভাববে কিন্তু পাকিস্তান চাইছে বাংলাদেশ আগে টেস্ট খেলতে আসুক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানকে নতুন প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব অনুযায়ী, পাকিস্তানে একটি টেস্ট  খেলবে বাংলাদেশ। তবে দুই টেস্টের এই সিরিজটির বাকি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির এই প্রস্তাবকে অদ্ভুত বলে আখ্যায়িত করেছে। 

এ মাসের ১৮ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সব ঠিকঠাক থাকলে ১৭ জানুয়ারি বিপিএলের ফাইনাল খেলেই পাকিস্তানের পথে ছুটতে হবে ক্রিকেটারদের।

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠায় সেখানে টি-টোয়েন্টি ছাড়া টেস্ট খেলতে রাজী নয় বিসিবি। পাকিস্তানে টি-টোয়েন্টি এবং নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট আয়োজনের পক্ষে মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে বিসিবির এমন প্রস্তাবকে বারবারই প্রত্যাখ্যান করে আসছে পিসিবি।

ইত্তেফাক/এসআই