গফরগাঁওয়ে শারমীন গোলন্দাজের উঠান বৈঠকে নারীদের ঢল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁও পৌর শহরের সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেলের সমর্থনে উঠান বৈঠকে নারীদের ঢল নামে। বুধবার বিকালে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ফাহমী গোলন্দাজের সহধর্মিণী শারমীন গোলন্দাজ তুষ্টি। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শারমীন গোলন্দাজ তুষ্টি গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নারীদের উন্নয়নে, ক্ষমতায়নে, স্বাবলম্বী করার জন্য ভিজিএফ, ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রশিক্ষণ, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করার সুযোগসহ নানা কর্মসূচির উল্লেখ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর নারীদের উপর বিএনপির অত্যাচার, নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের উন্নয়নের অংশীদার নারীরা নিরাপদে ঘরে ফিরতে পারবে না। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য দিলরুবা আক্তার কাজল, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আরিফা আক্তার, যুগ্ম আহ্বায়ক মাহবুবা তিথী, পৌর যুবলীগের আহ্বায়ক মর্জিনা আক্তার প্রমুখ।