বিসিবিকে নিয়ে মিথ্যাচার করছে পাকিস্তান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:০০

বিসিবি পাকিস্তানের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে, পাকিস্তানের এমন দাবিকে নাকচ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম-উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বিসিবির পক্ষ থেকে এমন কোনও প্রস্তাব পাকিস্তানকে দেওয়া হয়নি।’

পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাংলাদেশ পাকিস্তানে দুই টেস্ট সিরিজের একটি ম্যাচ খেলতে রাজি হয়েছে। বাকি ম্যাচটি তারা ঢাকায় আয়োজন করতে চায়।’ 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসুক বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও নিরাপত্তা বিশ্লেষকরা চায় পাকিস্তানের সফর সংক্ষিপ্ত করতে। এমন পরিস্থিতিতে বিসিবি পাকিস্তানের মাটিতে শুধু টি-টোয়েন্টি খেলতে আগ্রহ প্রকাশ করেছে। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচ আয়োজনের পক্ষে বাংলাদেশ। 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম-উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আমাদের আগের সিদ্ধান্তে অনড়। টি-টোয়েন্টি ছাড়া এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ খেলা সম্ভব নয়।’

ইত্তেফাক/এসআই