পাঁচ দিনের সফরে রবিবার ঢাকায় পৌঁছেছেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের (এসডিসি) মহাপরিচালক, রাষ্ট্রদূত ম্যানুয়েল সাগের। সফরকালে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বর্তমান গতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন এবং রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন।
কক্সবাজারে চলমান মানবিক সংকটসহ বাংলাদেশের মূল উন্নয়ন চ্যালেঞ্জসমূহ এবং বাংলাদেশে সুইস সহায়তায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা তার এই সফরের উদ্দেশ্য।
সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন তিনি। সেখানে স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে চলমান মানবিক সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন ম্যানুয়েল সাগের।
এছাড়া তিনি গাজীপুর ও নরসিংদী জেলায় এসডিসির সহ-অর্থায়নে চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করবেন। প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়ন অংশীদার হিসাবে সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে আছে। অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় শাসন এবং নিরাপদ অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বর্তমানে সুইজারল্যান্ড বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা প্রদান করছে।
ইত্তেফাক/বিএএফ
