বিশ্বপ্রবাহ ডেস্ক
বর্ণিল আয়োজনে খ্রিষ্টীয় নববর্ষকে বরণ করে নিলো বিশ্বের বিভিন্ন দেশ। চোখ ধাঁধানো আতশবাজির খেলা আর সংগীতের সুর ছুঁয়ে যায় সবাইকে। নিউজিল্যান্ড থেকে শুরু করে আরব আমিরাত ও তুরস্কে বর্ষবরণ উপলক্ষ্যে ছিল জমকালো আয়োজন। দুবাইয়ে আকাশ জুড়ে ছিল শুধুই আলোর খেলা। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই শহরের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশবাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। মনমুগ্ধকর এ দৃশ্য উপভোগে আর ২০২০ সালকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ। নতুন বছরকে বরণ করে নিতে তুরস্কের রাজধানী আঙ্কারাতেও ছিল চোখ ধাঁধানো আতশবাজি উত্সব। জমকালো আলোক প্রদর্শনীতে সৃষ্টি হয় উত্সবমুখর পরিবেশ। এর আগে সর্বদক্ষিণে অবস্থান হওয়ায় বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারে আয়োজন করা হয় মনোজ্ঞ আতশবাজি প্রদর্শনীর। পাশাপাশি নতুন বছর উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতেও বর্ণিল আতশবাজি উত্সবের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ আয়োজন উপভোগ করেন হাজার হাজার মানুষ। স্থানীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক সিডনিতে জড়ো হন। চীনেও বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানো হয়। বিশ্বের অন্যান্য প্রান্তেও নানা আয়োজনে স্বাগত জানানো হয় নতুন বছরকে।
