এবার চূড়ান্ত পর্বের অপেক্ষা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার

শনিবার দুটো খেলার ভেতর দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের সিলেট পর্ব। আর এই পর্বের শেষ দিনে সেরা চারে খেলা নিশ্চিত করল রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এর ভেতর দিয়ে শেষ হলো এবারের মতো বিপিএলের ঢাকার বাইরে ভ্রমণ। আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে এবারের আসরের চূড়ান্ত লড়াই।

গ্রুপপর্বে আর আটটি ম্যাচ বাকি আছে। মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে এই আট ম্যাচ। এরপর এখানেই অনুষ্ঠিত হবে তিনটি প্লে অফ ও ফাইনাল। এখন সেই পর্বের অপেক্ষা।

সিলেটে শেষ দিনের খেলায় খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে সেরা চার নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডার্সকে ৬ উইকেটে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় রাজশাহী রয়্যালসও। ১০ খেলায় চট্টগ্রাম ও রাজশাহীর পয়েন্ট ১৪ করে।

৯ খেলায় ১২ পয়েন্ট নিয়ে সেরা চারে মোটামুটি পা দিয়ে রেখেছেন ঢাকা প্লাটুন্স। বাকি তিন ম্যাচে একটি জয় হলেই নিশ্চিত তারা। খুলনা টাইগার্স শেষ দিকে এসে ছন্দ হারিয়ে ফেলেছে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তাদের বাকি তিন ম্যাচে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে।

সিলেট তাদের ঘরের মাটির পর্ব শুরুর আগেই সেরা চারের লড়াই থেকে ছিটকে গেছে। রংপুর ছিটকে গেছে এই লড়াই থেকে। ১০ ম্যাচে ৮ পয়েন্টের মালিক রংপুর বাকি দুই ম্যাচ জিতলেও লাভ নেই। কুমিল্লা প্রায় অসম্ভব স্বপ্নে ছুটছে। ঢাকা বা খুলনা যদি সব ম্যাচ হারে এবং তারা যদি বাকি তিনটি ম্যাচই জেতে তাহলে সেরা চারে যেতে পারবে তারা। 

ঢাকায় এই পর্বের প্রথম দিনে আগামীকাল প্রথম ম্যাচে কুমিল্লা ও সিলেট এবং দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ও রাজশাহী লড়াই করবে। ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে দুটি প্লেঅফ—এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর ১৫ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর ১৭ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল।

এখন পর্যন্ত এবারের বিপিএলে ব্যাট হাতে দৌরাত্ম্য বিদেশিদেরই বেশি। ৩৭৭ রান করে সবার ওপরে আছেন এরই মধ্যে দেশে চলে যাওয়া ডেভিড মালান। ৩৪০ রান করে দ্বিতীয় স্থানে আছেন রাইলি রুশো। ৩৩৮ রান নিয়ে দেশিদের মধ্যে সেরা ও তৃতীয় সেরা রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম। এছাড়া মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব তিন শ রান পার করেছেন।

এখন পর্যন্ত দুটো সেঞ্চুরি হয়েছে। দুটিই করেছেন দুই বিদেশি। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন মুশফিকুর রহিম।

তবে বোলারদের তালিকায় বাংলাদেশি ফাস্ট বোলারদের দারুণ অবস্থান। তরুণ ফাস্ট বোলার মেহেদী হাসান রানা ১৭ উইকেট নিয়ে সবার ওপরে আছেন। এবার বিপিএলের সেরা মনে করা হচ্ছে এখন পর্যন্ত তাকে। ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মুস্তাফিজুর রহমান দারুণভাবে নিজেকে ফিরে পাচ্ছেন। এছাড়া রুবেল, এবাদত ভালো করছেন। ফলে বাংলাদেশি ফাস্ট বোলারদের জন্য ভালো একটা টুর্নামেন্ট কাটছে।