খুলনা অফিস
‘শান্তি জিতলে জিতবে দেশ’ ও ‘শান্তিতে বিজয়’ এ স্লোগান সামনে রেখে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার শপথ নিয়েছেন খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। শপথ বাক্য পাঠের মাধ্যমে শান্তির জন্য এ শপথ নেন তারা। নগরীর একটি অভিজাত হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘শান্তিতে বিজয় টাউন হল মিটিং’ শীর্ষক অনুষ্ঠানে এ শপথ করা হয়।
শপথ বাক্য পাঠ করান খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল। বক্তব্য রাখেন খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল হক মিন্টু, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাবেদ ইকবাল ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনার সিনিয়র জোনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মেহেদী হাসান দিপু ও আওয়ামী লীগ নেত্রী মমতাজ শিরিন ময়না। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনার রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান ও রিজিওনাল কো-অর্ডিনেটর আসমা আক্তার।
