পাঁচ মাসে বিটিআরসিকে ১৩৮ কোটি টাকা দেবে রবি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:২৬

পাওনা সাড়ে ৮০০ কোটি টাকার মধ্যে বিটিআরসিকে আপাতত ১৩৮ কোটি টাকা দিতে মোবাইল অপারেটর রবিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাঁচ মাসে পাঁচ কিস্তিতে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা-ই-রাব্বী খন্দকার বলেন, গ্রামীণ ফোনের মামলায় ১২ হাজার কোটি টাকা নিরীক্ষা দাবির মধ্যে আপিল বিভাগ ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়। সেই প্রেক্ষাপটে হাইকোর্ট আনুপাতিক হিসাব করে রবিকে ১৩৮ কোটি  টাকা দিতে নির্দেশ দিয়েছে। প্রথম কিস্তি দিতে হবে ৩০ জানুয়ারির মধ্যে।

গত বছরের জুলাই মাসে অডিট আপত্তির প্রেক্ষিতে রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা দাবি করে চিঠি দেয় বিটিআরসি। ঐ দাবির অর্থ নিয়ে আপত্তি জানায় রবি। বারবার চিঠি দিয়েও অর্থ আদায় করতে না পেরে কঠোর অবস্থান নেয় বিটিআরসি। দেওয়া হয় নোটিশ। ঐ নোটিশ চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে টাইটেল স্যুট মামলা করে রবি। সেই মামলা খারিজ করে দেয় আদালত। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। গতকাল প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। আদালতে রবির পক্ষে আইনজীবী তানজীব-উল আলম ও কাজী এরশাদুল আলম এবং বিটিআরসির পক্ষে খন্দকার রেজা-ই-রাকিব শুনানি করেন।