শীতকালে আবহাওয়া থাকে শুষ্ক, ফলে শাক-সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু একটু যত্ন নিলেই সবজি থাকবে তরতাজা। তাজা সবজিতে খাবারও হয়ে উঠবে সুস্বাদু। যার প্রভাব পড়বে আমাদের শরীরেও। তাই সব দিকেই রাখুন একটু সচেতন দৃষ্টি। শাক-সবজি সতেজ রাখার প্রথম এবং প্রধান পথ হলো ফ্রিজের তাপমাত্রা শীতের আবহাওয়া অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা।
শীতে শাক-সবজি সতেজ রাখার বিশেষ উপায়
l সবজি ফ্রিজে রাখার আগে খেয়াল রাখুন তাজা সবজির সাথে কোনোমতে যেন পচা সবজি না থাকে। তাহলে তাজা সবজিও সহজে নষ্ট হয়ে যাবে।
l লেটুস, পালংশাক, সালাদের সবজি পরিষ্কার করে ধুয়ে প্লাস্টিকের কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন। প্রায় এক সপ্তাহের মতো তরতাজা থাকবে।
l লেটুস পাতার ধোয়ার সময় পানির মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিন। এর তাজাভাব বজায় থাকবে।
l ফুলকপি ছোট ছোট করে কেটে এয়ারটাইট প্যাকে ভরে ফ্রিজে রাখতে পারেন। বাঁধাকপি ও ফুলকপির তাজা ভাব বজায় রাখার জন্য রান্নার সময় ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। দেখবেন সবজির সুন্দর সাদা রং বজায় রয়েছে।
l বাঁধাকপি, মটরশুঁটি ও পালংশাকের মতো সবুজ সবজির ফ্লেভার বজায় রাখার জন্য রান্নার সময় আধা চা চামচ চিনি মিশিয়ে নিন। রান্নার শেষে লবণ মিশিয়ে নিন।
l আলু বেশিদিন ভালো রাখার জন্য ঝুড়িতে রাখুন। তাহলে আলু সহজে পচে যাবে না।
l লেবু লবণের কৌটার মধ্যে রাখুন। বেশিদিন তাজা থাকবে।
l পচা আলু বেছে ফেলে দিন। কারণ পচা আলুর সংস্পর্শে ভালো আলু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
l কাঁচামরিচ বোঁটা ছাড়িয়ে মাঝখানে থেকে সামান্য কেটে নিন। তারপর এতে হালকা লবণ-হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিন। বোঁটা ছাড়িয়ে নিয়ে প্লাস্টিকের বক্সে রেখে দিলেও অনেক দিন তাজা থাকবে।
l পেঁয়াজ ও বেগুন ফ্রিজের বাইরে রাখুন। ভালো থাকবে।
l একসঙ্গে অনেক রসুন পেস্ট তৈরি করতে চাইলে আগের দিন রাতে রসুন কোয়াগুলো পানিতে ভিজিয়ে রাখুন। কষ্ট করে পরের দিন রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে না।
l গাজর ফ্রিজের বাইরে বেশিদিন রাখবেন না।
l টমেটোর তাজা ভাব বজায় রাখার জন্য ব্রাউন পেপার ব্যাগে ফ্রিজে স্টোর করুন। টমেটো ফ্রিজে পলিথিন ব্যাগে স্টোর না করে বাইরেও রাখতে পারেন। একইভাবে মাশরুমও স্টোর করতে পারবেন। অনেক দিন তাজা থাকবে।
l মটরশুঁটি, শিমবিচি খোসা ছাড়িয়ে পলিথিন ব্যাগে স্টোর করুন।
l ক্যাপসিকাম না কেটে আস্ত রাখতে পারলেই ভালো। তাহলে তাড়াতাড়ি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না।
l বিটের রং ঠিক রাখতে চাইলে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন।
