দাবানলে জ্বলতে থাকা অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৪৩

 বিবিসি

দাবানলে জ্বলতে থাকা অস্ট্রেলিয়ায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। দেশটির কিছু অংশে বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমে গেলেও কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আগুন আবার জ্বলবে।

বিবিসি বলছে, সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত পূর্বাঞ্চলীয় উপকূলে হালকা বৃষ্টি হয়েছে। ভয়াবহ দাবানলে জ্বলতে থাকা নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে রবিবার রাতে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তারা বলছেন, ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে আগুনের মাত্রা আরও তীব্র হতে পারে।

বৃষ্টিপাতের পর নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান সোমবার সকালে সতর্ক করে দিয়ে বলেছেন, আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। আজকের সকালের পুরোটা পুনরুদ্ধারের জন্য। যারা বাস্ত্যুচুত হয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান কাজ। এদিকে, দাবানলের কারণে ক্যানবেরায় দ্য ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভিক্টোরিয়া ব্যুরো আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকায় দৃষ্টিসীমা ১ কিলোমিটারের নিচে নেমে এসেছে।

গত সেপ্টেম্বর থেকে দেশটির নিউ সাউথ ওয়েলসে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত প্রায় ২৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, দাবানলের লেলিহান শিখায় অন্তত ৫০ কোটি প্রাণী মারা গেছে। দাবানল নেভাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৩ হাজার সৈন্য মোতায়েন করেছেন। ভয়ঙ্কর দাবানলে পুড়তে থাকা অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে ক্যানবেরা শহর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রেকর্ড গড়েছে। এই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।