বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার সকাল ১০টায় সেচের পানি নিয়ে দর কষাকষিকে কেন্দ্র করে চান মিয়া মেম্বার ও রাজু সর্দার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যাপক লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ১৮ জন দাঙ্গাবাজকে আটক করে। আহতদের মধ্যে অন্তত ৮০ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিত্সা নেন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬০-৭০ রাউন্ড রাবার বুলেট ও সাত-আট রাউন্ড টিয়ার সেল ছুড়তে হয়। পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেননি।
