চট্টগ্রামে স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশন কর্মচারী গ্রেফতার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একজন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আকরাম হোসেন। তিনি বিমানবন্দরে সিভিল এভিয়েশন ট্রলিম্যান হিসাবে কাজ করেন। উদ্ধার করা ১৬টি বারের ওজন এক কেজি ৮০০ গ্রাম যার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

পতেঙ্গা থানার ওসি উত্পল বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে আকরামকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। মোটর সাইকেলের পাশের হুকের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণগুলো অবৈধভাবে বিদেশ থেকে আনা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে আকরাম স্বীকার করেছেন। এ ঘটনায় পতেঙ্গা থানায় আকরামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।